
নিজস্ব সংবাদদাতা:এগরা:পূর্ব মেদিনীপুরঃ লকডাউনের মাঝে ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত বাদাম চাষ।বাদাম জমিতে দাঁড়িয়ে রয়েছে জল, জমা জলে তৈরি হয়েছে পচন। তাই এগরা, পটাশপুর ও ভগবানপুরের বিস্তীর্ণ এলাকায় বাদামচাষে ভুক্তভূগি চাষিরা। মাঠের বাদাম জমিগুলিতে জমা জল সরাতে দেখা গিয়েছে চাষিদের।

কিন্তু আমফান তাণ্ডবে নিমেষে সবশেষ হয়ে গিয়েছে। মাথায় হাত পড়েছে চাষিদের। একমাস পরেই শুরু হত গাছ থেকে বাদাম পাড়ার কাজ। কিন্তু আমফানের তান্ডবে এখন জলের তলায় বাদাম। বেশি সুদে টাকা ধার নিয়ে সবজি লাগিয়েছিলেন অনেক চাষি। কিন্তু সবজি নষ্ট হয়ে যাওয়াতে কি করে সেই টাকা শোধ করবে দিশেহারা চাষিরা।
পটাশপুর২এর বহড়দা গ্ৰামের এক বাদাম চাষি অচিন্ত দেবনাথ বলেন, “গত বছর বাদাম চাষের শেষে এই বৃষ্টির কারণে চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। আবার এ বছর চাষের শুরুতেই আমফানের দাপটে বাদাম নষ্টের মুখে। হাতে আর নতুন করে বাদাম লাগানো সময়ও নেই। জানি না কী হবে।”

জেলা কৃষি বিভাগের সহ- কৃষি অধিকর্তা মৃণালকান্তি বেরা জানিয়েছেন, এই ঝড়ের দাপটে গোটা পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বাদাম,সবজি, ফুল, পান ও মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । ব্লকগুলি থেকে যে রিপোর্ট উঠে আসছে তাতে কৃষকদের প্রায় সমস্ত ফসল নষ্ট হয়েছে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সমগ্র জেলায় কৃষকদের ১০০ কোটি টাকার উপর ফসল নষ্ট।
