
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা জার্মান ডক্টরস, কাচ্চি সড়ক ও গুঞ্জ-এর সহযোগিতায় এবং দেশপ্রাণ গ্রামীণ হাসপাতালে বিশেষ সহায়তায় কাজলা জনকল্যাণ সমিতিতে কোভিড সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয় বৃহস্পতিবার। এই সহায়তা কেন্দ্র থেকে কোভিড আক্রান্ত ও লক্ষণ আছে এমন রোগী যারা হোম আইসোলেশনে আছেন তাদের জন্য ডাক্তারী পরামর্শ, আপদকালীন ঔষধ, থার্মাল স্ক্যানিং, এ্যাম্বুলেন্স পরিষেবা, অক্সিজেন পরিষেবার ব্যবস্থা থাকছে এখানে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা হাসপাতালে সুপারিনটেনডেন্ট ডা: রজত কুমার পাল, বসন্তিয়া স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডা: পার্থপ্রতিম পাত্র, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ কুমার জানা, কাজলা জনকল্যাণ সমিতির সহ-সভাপতি জনাব আকবর আলি খান,কোষাধ্যক্ষ প্রণয় কুমার পাল প্রমুখ।ডা: রজত কুমার পাল তার বক্তব্যে বলেন- কাজলা জনকল্যাণ সমিতির ধরনের কাজ খুবই প্রশংসাযোগ্য। বিশেষত যখন করোনার তৃতীয় ঢেউ আগামী দিনে এগিয়ে আসছে, যাতে শিশুদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, সে ক্ষেত্রে ভীষণ ভাবে সাহায্য করবে। দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা তার বক্তব্যে বলেন- দেশপ্রাণ ব্লকের অন্তর্গত ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি শুধু আমাদের এই জেলায় নয় রাজ্যের বিভিন্ন জেলায় সমাজসেবামূলক কাজ করে চলেছে। এখানেই কোভিড রোগীদের যাতে বাড়িতে থেকে চিকিৎসার ব্যবস্থা করা যায়, তাদের অক্সিজেন মাপা এবং দৈনন্দিন হাসপাতালে সুপার ও ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আধিকারিক সকলকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রতিনিয়ত বাড়িতে গিয়ে করোনা রোগীদের চিহ্নিত করা, বাড়ি থেকে ট্রিটমেন্টের সমস্ত রকম ব্যবস্থা করা, অক্সিমিটার থেকে শুরু করে থার্মাল স্ক্যানার, আপদকালীন ঔষধ, অক্সিজেন কনসেন্ট্রেটর, ডাক্তারী পরামর্শ, এ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদির সুযোগ থাকবে। অভিজ্ঞ ও রেজিস্টার্ড ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যে সমস্ত রোগীর অক্সিজেনের প্রয়োজন হবে তাদের বাড়িতে অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠানোর ব্যবস্থা, এছাড়া যাদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে তাদের এ্যাম্বুলেন্সের মাধ্যমে পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে।অভিজ্ঞদের বক্তব্য বয়স্ক লোকেদের করোনা টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠান যে উদ্যোগ নিল তা প্রসংশার দাবি রাখে।
