
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।অতিমারির প্রভাব ছিলই। দোসর ইয়াস-এর প্রভাবে বিপর্যস্ত হয় রামনগর-১এর উপকূলবর্তী গ্রামগুলি। সরকারি বেসরকারি উদ্যোগে এলাকায় ত্রাণ বিতরণ হচ্ছে। পুনর্নির্মাণের কাজ সরকারিভাবে চলছে। ইয়াস বিধ্বস্ত এলাকায় কঠিন সংকটের মুখোমুখি হয়েছে স্কুল পড়ুয়ারা। এখন করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। স্কুলে পঠন পাঠনের জন্য সরকারিভাবে পরিকাঠামোসহ স্কুলগুলোর সমীক্ষা শুরু হয়েছে। এরকম এক সময়ে রামনগর রাও হাইস্কুলের প্রাক্তনীদের সংগঠন রাও স্কুল অ্যালমানাই বোধড়া পন্থেশ্বরী হাইস্কুলের বিদ্যালয় কতৃপক্ষের নির্বাচিত একাদশ ও দ্বাদশ শ্রেণির ২০০ জন ছাত্র ছাত্রীর হাতে ৬টি করে এক্সারসাইজ খাতা এবং একটি কলম তুলে দেয়। কোভিড বিধি মেনে বিদ্যালয়ের মুক্তমঞ্চে অনাড়ম্বর অনুষ্ঠানের সূচনা করেন প্রধান শিক্ষক প্রদীপ পট্টনায়ক। অ্যালমানাই’র তরফে ছিলেন সভাপতি তথা দীঘা ডি জে শিক্ষাসদনের শিক্ষক নন্দগোপাল পাত্র, সদস্য স্বপন ওঝা, সুজিত বর্মণ, নবকুমার সাউ, সুপ্রিয় গিরি, জয়ন্ত মহাপাত্র এবং কোষাধ্যক্ষ পল্লব দে।স্বাধীনতার ৭৫তম বর্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অ্যালমানাই’র পক্ষ থেকে মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতি তুলে দেওয়া হয়।
অ্যালমানাই’র সভাপতি নন্দগোপাল পাত্র সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন উপকূলবর্তী এলাকার মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সহ রামনগর রাও হাইস্কুলের দুঃস্থ ও মেধাবী ৬০০ ছাত্র ছাত্রীদের অনুরপ উপকরণ আগামী একমাসের মধ্যে দেওয়া হবে।