
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুরের প্রাচীনতম সমবায় সমিতি প্রতাপদীঘি চারুচন্দ্র কৃষি উন্নয়ন সমবায় সমিতির গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হয় শনিবার। জাতীয় পতাকা উত্তোলনে, জাতির জনক মহত্মাগান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘে শ্রদ্ধা জ্ঞাপন শেষে ফিতা কেটে ১০৫ বছরের এই প্রাচীন সমিতির গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন এলাকার তরুণ বিধায়ক উত্তম বারিক। সমবায়ের সাতরাঙ্গা পতাকা উত্তোলন করেন সমিতির অর্থলগ্নি ব্যাঙ্ক বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ এর সম্পাদক প্রদীপ পাত্র । ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দফতরের অ্যাডিশনাল চীফ সেক্রেটারি ড: এম ভি রাও। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি তথা এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, এ আর সি এস কৌশিক পুরকায়েত, সি ডি ও অমিওকান্তি হোতা, বিডিও শঙ্কু বিশ্বাস প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন সমিতির প্রাক্তন সভাপতি তথা যার নামে এই সমবায় সমিতি রাজ্যের দুই বারের খাদ্য মন্ত্রী অকৃতদার প্রয়াত চারুচন্দ্র মহান্তির ভাতুষ্পুত্র প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডা সুধাময় মহান্তি। প্রতাপদীঘি বিদ্যাসাগর মেলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সমস্ত ডিরেক্টর ডেলিগেট স্বসহায়ক দলের মহিলারা অংশগ্রহণ করেন। অতিথিদের বক্তব্যে ১০৫ বৎসর আগের আর্থ সামাজিক পরিস্থিতি উঠে আসে, আলোচিত হয় গান্ধীজির স্বপ্নের আত্মনির্ভর ভারত বর্ষের ভাবনা ও সমবায় নিয়ে তার ও রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা। সমিতির অতীত গৌরবের স্মৃতি চারণা করে সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজ্য সমবায় ইউনিয়নের ডিরেক্টর গোলোকেশ নন্দ গোস্বামী। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমিতির সভাপতি সীতারাম পাহাড়ী।
