
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম। খলিসাভাঙ্গা হাইস্কুলে প্লাটিনাম জুবিলি বর্ষ উদযাপনের সমাপ্তি পর্বে ছেলেদের আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।খলিসাভাঙ্গা হাইস্কুল,নয়াপুট হাইস্কুল, বটতলা আনন্দময়ী হাইস্কুল ও বাদলপুর হাইস্কুল এই খেলায় অংশগ্রহণ করে।এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বটতলা আনন্দময়ী হাইস্কুল এবং রানার্স হয়েছে নয়াপুট হাইস্কুল। বিদ্যালয়ের বর্তমান,প্রাক্তন ছাত্র ছাত্রী, অভিভাবক সহ প্রচুর দর্শকের উপস্থিতিতে এই খেলা খুবই চিত্তাকর্ষক হয়ে ওঠে। বিদ্যালয়ের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.নিরঞ্জন মান্না বলেন, সুস্থ শরীরের জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শরীর সুগঠিত হয় এবং নৈতিকতা, সহমর্মিতা, সহানুভূতি এবং সৌভ্রাতৃত্ববোধের জন্ম হয়। এইসব গুণের বিকাশের মধ্য দিয়েই তৈরি হয় একজন প্রকৃত মানুষ। তাই খেলাধুলার গুরুত্ব দিন দিন বাড়ছে। আজকের এই খেলায় অংশগ্রহণকারী বিদ্যালয় গুলির শিক্ষক এবং শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন। খেলা গুলো পরিচালনা করেন ম্যাচ রেফারি কৃষ্ণেন্দু সাউ, অরূপ জানা ও তরুণ বর্মন । সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সত্যজ্যোতি মিশ্র ও সৌমিত্র জানা। সঞ্চালক ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শান্তনু দত্তবর। এছাড়া বিদ্যালয়ের শুভানুধ্যায়ী দিব্যেন্দু পাল,অজয় বেরা,তপন মাইতি ও প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক নবেন্দু পাল সহ বিদ্যালয়ের বর্তমান সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।।সুষ্ঠু ভাবে খেলা সম্পন্ন হওয়ার জন্য প্রধান শিক্ষক ড.নিরঞ্জন মান্না উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
