বীরকুমার শী
এসো হে বৈশাখ, এসো। এসো নতুন স্বপ্ন নিয়ে, এসো নতুন ভাবনা নিয়ে। এসো, পুরাতন বর্ষকে বিদায় দিয়ে, পুরাতন যত গ্লানি, বেদনা—সব কিছুকে বিদায় দিয়ে।
তা কি করে হয়। সেও যে আমায় অনেক কিছু দিয়েছে। অনেক কষ্ট, অনেক সুখ। অনেক আনন্দ, অনেক বেদনা, অনেক ভালোবাসা। সে সবও যে আমার নিজস্ব। একান্ত আপন। তাদের আমি কী করে বিদায় দিতে পারি। অতীত ছিল বলেই তো আজ বর্তমান, আগামীকাল ভবিষ্যৎ। বৈশাখ তুমি এসো, পূরাতন সব-রাগ-অভিমান —ভালোবাসা নিয়ে।
তা কি করে হয়? এ যে ছোট তরী। পুরাতনে সব ভর্তি করে রাখলে আমি থাকি কোথায়? তাহলে আমি যাই, তুমি থাকো তোমার পুরাতধকে নিয়ে।
বৈশাখ যেও না। একটুখানি দাড়াও। আজ চৈত্র শেষ। যদি কিছু দিয়ে থাকি সুখ—সে সব আমি বর্ষশেষে উড়িয়ে দিলাম মহাকালের উদ্দেশ্য। তুমিএসো বৈশাখ, অনেক আশা, ভাবনা, ভালোবাসা নিয়ে—শুধু আমাদের হৃদয়ে একটুখানি রাখতে দিও তাদের জন্য—যারা আমায় ভালোবেসে ছিল একদিন।
