
দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁঁথি : পূূর্ব মেদিনীপুুর:
পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে গ্রামাঞ্চলে রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, গত সপ্তাহে ঘরে ফিরেছেন বাংলার কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। তার পরেই উল্লেখযোগ্য ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এর আগে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল বিহার, ওডিশা, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডে যেখান থেকে বেশি সংখ্যক শ্রমিক কর্মসূত্রে কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্র ও পঞ্জাবের মতো রাজ্যগুলিতে রোজগারের জন্য পাড়ি দিয়ে ছিলেন।
মহারাষ্ট্র ও গুজরাট থেকে ফিরে আসা আরও ৯জন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়লো এগরা মহকুমায়।এদের মধ্যে ৫ জনের বাড়ি এগরা ১ও ২ ব্লকের বিভিন্ন এলাকায়।বাকি ৪ জন আক্রান্তের বাড়ি পটাশপুর ২ ব্লকের রঘুনাথপুর এলাকায়।
জানা গিয়েছে,লকডাউনের কারনে চলতি মাসের প্রথম সপ্তাহে মহারাষ্ট্র ও গুজরাট থেকে নিজের বাড়ি ফিরে আসে এই পরিযায়ী শ্রমিকেরা।এরপর গত ১৮ই জুন পটাশপুর ২ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ৪ পরিযায়ী শ্রমিকের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠায়।অপরদিকে ওই দিন এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এগরা ১ ও ২ ব্লকের ৫ জন পরিযায়ী শ্রমিকের লালারস সংগ্রহ করে। আজ,রবিবার পটাশপুর ও এগরার ওই ৯জন পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এরপর ওই আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পাঁশকুড়া বড়োমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমা জুড়ে।
