
প্রকাশ কর : দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম।ইয়াশ দুর্যোগের ফলশ্রুতিতে বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশপ্রাণ, কাঁথি-১,রামনগর-১ও ২,খেজুরী-১ ও ২, কাঁথি-৩,ভগবানপুর-২,নন্দীগ্রাম-১,হলদিয়া,মহিষাদল সহ বিভিন্ন ব্লকের সমুদ্র উপকূল বর্তী ও নদী কূলবর্তী এলাকায় ঘরবাড়ি, মাছের ভেড়ি, ফসল, অানাজপত্র, গবাদিপশু, ফুল ও নার্সারির ক্ষয়ক্ষতির পাশাপাশি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান জমাজলে ব্যাপক ক্ষতিগ্রস্থ। দেশপ্রাণ ব্লকের কসাফলিয়া দেশপ্রাণ প্রাইমারী স্কুল, কালুয়া প্রাইমারী স্কুল, সুনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, উমাপতিবাড় শিশু শিক্ষা কেন্দ্র, ঘোড়াঘাটা হাইস্কুল প্রভৃতি প্রাথমিক, মাধ্যমিক,উচ্চ প্রাথমিক, শিশু শিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়াড়ী কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান জমাজলে ক্ষতিগ্রস্থ। কসাফলিয়া দেশপ্রাণ প্রাইমারী স্কুলের একতলা জলে ডুবে থাকায় একপাশ বসে গেছে। বিদ্যালয়ের পুকুরে ৬/৭ কুইন্ট্যাল মাছ মরে ভেসেছে। জমাজলে পচন ধরায় পরিবেশ দূষণ দেখা দিয়েছে। নোনাজলে চাষবাসের যেমন ক্ষতি হয়েছে তেমনি গভীর নলকূপ লবনাক্ত হয়ে পড়ায় পানীয়জলের সঙ্কট চরমে। পুকুরের জলে পেটের অসুখ দেখা দিচ্ছে। সমস্ত রকমের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি মেরামতি, পানীয়জল সরবরাহ সুনিশ্চিত করন, ব্লিচিং পাউডার ছড়ানো সহ ত্রাণ ও পুনর্গঠনের দাবী জানিয়ে জেলা শাসককে ই-মেইল বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। এই বিষয়ে জেলার দুই মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও অখিল গিরির হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।
