
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ ও অভ্যন্তরীণ মূল্যায়ন নির্ধারক পরিষদের যৌথ আয়োজনে” বিশ্ব সংকট ও উত্তরণ: প্রসঙ্গ রবীন্দ্রনাথ” শীর্ষক আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার।২৬শে আগষ্ট এক দিনের অনুষ্ঠানের উদ্বোধন করে আলোচনাচক্রের প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ ড: প্রদীপ্ত কুমার মিশ্র বলেন- মহাবিদ্যালয়ের পঠন পাঠনে ও আভ্যন্তরীণ উৎকর্ষতা বৃদ্ধিতে এই ধরনের আলোচনাচক্রের উপযোগিতা এবং গুরুত্ব বিষয়ে মূল্যবান মতামত দেন ।সেই সঙ্গে বর্তমান বিশ্বের সংকট ও উত্তরণে রবীন্দ্রনাথের প্রেরণা কতটা কার্যকরী সে বিষয়ে সুচিন্তিত বক্তব্য তুলে ধরেন।বাংলা বিভাগীয় . প্রধান অধ্যাপক ড: মৃনাল কান্তি দাস আলোচনাচক্রের শিরোনামের তাৎপর্য ও আলোচ্য বিষয়ের ব্যাপকতা নিয়ে বলেন-“বিশ্ব সংকট” অর্থে কোনো বিশেষ সংকট নয় ,সমগ্র বিশ্বের যে কোনো ধরনের সংকট- পরিবেশগত বিপন্নতা, জল সংকট, দূষণ জনিত সংকট, ভূমিক্ষয়, বিশ্ব উষ্ণায়ন, মহামারী, সাম্রাজ্যবাদী আগ্রাসন, একটি অদৃশ্য অনুজীবের পরাক্রমে কম্পিত বিশ্বের দুর্দশা, সর্বোপরি মানবিকতার অবমাননা ও মূল্যবোধের বিপর্যয়- এইরূপ বহুমাত্রিক সংকট ও সেখান থেকে উত্তরনের জন্য রবীন্দ্রনাথ কিভাবে আলোর দিশারী হয়ে উঠতে পারেন সেই অনুসন্ধান ও পর্যালোচনাই আলোচনাচক্রের উদ্দেশ্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক . ড:মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় আলোচনায় রাষ্ট্রিক বিপর্যয় ও নৈতিক সংকট থেকে উত্তরণ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভূমিকা কিভাবে কার্যকরী হতে পারে সে বিষয়েত থ্যপূর্ণ বক্তব্য রাখেন।রাঁচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক ডঃ সুব্রত কুমার পাল বর্তমান সমাজে দাম্পত্য সম্পর্কের সংকট ও রবীন্দ্রনাথের সাহিত্য থেকে উত্তরণের পথ নির্দেশ কিভাবে পাওয়া সম্ভব সে বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করেন। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়, বনানী, ঢাকা, বাংলাদেশের অধ্যাপক ড: শামস্ আলদীন। তিনি ভারত বাংলাদেশের সাংস্কৃতিক যোগসুত্র, আন্তর্জাতিক সংকট ও উত্তরণে বিশ্বকবির ভূমিকা কতটা কার্যকরী হতে পারে আবেগমন্দ্রিত কন্ঠে সে কথা উচ্চারণ করেন।আলোচনায় ছাত্র ছাত্রী, শিক্ষক, অধ্যাপক, গবেষকদের আগ্রহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ফেসবুক, ইউটিউব গুগলমিটের মাধ্যমে যোগদান করেন রাজ্য, দেশ ও বিদেশের প্রায় ৫০০ এর অধিক জন । ৩০ জন গবেষক গবেষণামূলক নিবন্ধ উপস্থাপন করেন।অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানান বিভাগীয় অধ্যাপক বনমালী খাটুয়া। সঞ্চালনার দায়িত্বে বাংলা বিভাগের অধ্যাপিকা ও আলোচনাচক্রের আহ্বায়ক ড : শ্রীমতি পণ্ডিত ও বিভাগীয় অধ্যাপক আনন্দমোহন মাইতি। সমগ্র অনুষ্ঠানে প্রযুক্তিগত সহযোগিতায় কম্পিউটার বিভাগের অধ্যাপক সুমন মন্ডল।