
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।২৯ মে রবিবার প্রাক্তন শিক্ষক, লেখক, সাংবাদিক, সমাজসেবী, কুসংস্কারমুক্ত রাজনীতিক ধীরেন্দ্রনাথ আচার্যের পরিবারের পক্ষে এক স্মরণসভার আয়োজন হয় এগরার সুশীল উৎসব ভবনে।২০২১ এর১৮ ই মে করোনা পরিস্থিতির মধ্যে সকলের মায়া কাটিয়ে কাঙ্খিত লক্ষ্যে পাড়িদেন এই কুসংস্কারমুক্ত বামপন্থী রাজনীতিক ধীরেন বাবু। বৎসরান্তে তার বর্ণময় কর্মজীবন নিয়ে আলোচনায় বর্তমান প্রজন্মের কৌতূহলী মানুষদের সমৃদ্ধ করার আয়োজন হয়। স্মরণ সভায় বক্তাদের আলোচনায় উঠে আসে, ছাত্র জীবনে তার বৃটিশ বিরোধী ভূমিকা, কঠোর বাম পন্থার কারণে রেলের চাকুরী থেকে বরখাস্ত, সংগঠক শিক্ষক হিসেবে যোগদান ও দক্ষতার সঙ্গে শিক্ষা দান, সাংবাদিক হিসেবে তাঁর লেখার বলিষ্ঠতা, এগরা থেকে প্রকাশিত দৈনিক “সংবাদ সম্প্রতি”র সম্পাদনায় তার নীরব ও বলিষ্ট ভূমিকা, বহুল প্রচারিত বাংলা সংবাদপত্র “কালান্তর”, “ত্রৈমাসিক শ্রমশক্তি,” ‘দৈনিক চেতনা”, সাহিত্য পত্রিকা “কালের চেতনা’ পত্র পত্রিকায় তার বুদ্ধিদীপ্ত প্রবন্ধ রচনার মৌলিকত্ব সমকালকে ভাবিত করেছে। এগরা জ্ঞানদীপ বিদ্যাপীঠ ও খাড় হাইস্কুল, খাড় সাধারণ পাঠাগার স্থাপনের মধ্য দিয়ে এলাকার শিক্ষা বিস্তারে তার মৌলিক চিন্তাধারা প্রসংশার দাবি রাখে, যা তারা অবর্তমানে তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কন্টাই প্রেসক্লাবের সদস্য হিসেবে তার ভূমিকা, প্রতিটি কাজে তার নিষ্ঠা, ব্যক্তিগত ও পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করে সমাজের সার্বিক কল্যাণে তার কাজ, বিপ্লবী মার্কসবাদী-লেনিনবাদী আদর্শে বিশ্বাস প্রভৃতি আলোচকদের আলোচনায় গুরুত্ব পায়। তা়ঁর নাস্তিক জীবনে একমাত্র ধর্ম,যুক্তি নিষ্ঠা ও হৃদয়বৃত্তির দ্বারা মুহূর্তে তিনি সকলকে আকৃষ্ট করতেন পারতেন। সভায় পৌরোহিত্য করেন আঞ্চলিক ইতিহাস গবেষক বহু গ্ৰন্থ প্রনেতা সাহিত্যিক শান্তিপদ নন্দ। আলোচনায় অংশ নেন খাড় হাইস্কুলের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা, প্রাক্তন প্রধান শিক্ষক ড: কালিপদ প্রধান, ভগৎসিং মেমোরিয়াল ট্রাস্ট সভাপতি চন্ডীপ্রসাদ রথ, খড়গপুর কলেজের অধ্যাপক তাঁর জামাতা জয়ন্ত মাইতি, চিকিৎসক পৌত্র ডা সমুজ্জ্বল মাইতি, ড: অনীশ আচার্য ও ড:শঙ্কর প্রসাদ রথ প্রমুখ। স্মৃতিচারণ শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পরিবারের পক্ষে প্রভাত,পলাশ ও রথীন আচার্যরা।
