অলকেশ মাইতি:দৈনিক আবেশভূমি: খাড় পূর্ব মেদিনীপুর।
১ জুলাই থেকে সরকার কড়াকড়ি ভাবে পরিবেশ দূষণ রোধের লক্ষ্যে প্লাস্টিক ও থার্মোকল বর্জনের কথা ঘোষণা করেছে । ১ জুলাই থেকে ৭৫ মাইক্রোনের কম প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার করা যাবে না । দোকানদারদের ৫০০ টাকা এবং ক্রেতাদের ৫০ টাকা জরিমানা করার নিদান দিয়েছে সরকার । দক্ষিণ খাড় স্টার ক্লাব ১৩ জুন সোমবার বিকেলে প্লাস্টিক ও থার্মোকল বর্জন কর্মসূচি গ্রহণ করে । ক্লাবের পক্ষ থেকে খাড় এলাকায় মাইক প্রচার করা হয় এবং প্রতিটি দোকানে দশটি ক’রে কাপড়ের ক্যারি ব্যাগ দিয়ে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পরামর্শ দেওয়া হয় । এছাড়াও খাড় হাটে এবং দক্ষিণ খাড় বাজারে দুটি পথ সভার আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে । এই পথ সভাগুলোতে থার্মোকলের ক্ষতিকারক দিক নিয়ে বক্তব্য রাখেন পঁচেট হাইস্কুলের শিক্ষক ও স্টার সদস্য পবিত্র দাসমহাপাত্র এবং প্লাস্টিক নিয়ে বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের শিক্ষক ও স্টার সদস্য রবীন্দ্রনাথ দাস । ক্লাবের সম্পাদক মোহন মুনিয়ান জানান যে —” প্রতিবছর আমরা জনসচেতনতা মূলক একাধিক কর্মসূচি গ্রহণ করে থাকি ।” ক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ আচার্য বলেন — ” থার্মোকল ও প্লাস্টিকের বিষয়টা সাধারণ মানুষের বুঝতে একটু সময় যাবে, তবে সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে তাই এই নিষেধাজ্ঞা অবশ্যই মানুষ মেনে চলবেন ।” আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য অশোক ভূঞ্যা, তপু প্রামাণিক, বাপী প্রামাণিক, অমিত দাস প্রমুখ । ক্লাবের কর্ণধার আনন্দ গোপাল আচার্য্য বলেন —- “এই বিষয়টি সফল করা একটি শক্ত কাজের মধ্যে পড়ে। মানুষ যদি এর ক্ষতিকারক দিকগুলো বুঝতে পারেন তাহলে তাড়াতাড়ি সাফল্য আসবে । ইতিমধ্যে এগরা পৌরসভা এলাকা জুড়ে পৌরসভার উদ্যোগে প্রচার শুরু হয়েছে এবং প্লাস্টিক ব্যবহার কমছেও । তাই আমরা ক্লাবের পক্ষ খাড় কল্যাণপুর এলাকায় প্রচারে জোর দিয়েছি এবং পথসভার মধ্য দিয়ে মানুষকে বুঝাবার চেষ্টা করে যাচ্ছি ।” শিক্ষক ও স্টার সদস্য অলকেশ মাইতি প্রচার ও পথসভাগুলি পরিচালন করেন । সারাবছর ধরে দক্ষিণ খাড় স্টার ক্লাব বহু সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে, এই বছরের মে ও জুন মাসে যথাক্রমে ১৫৩ জন রক্তদাতার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করেছে এবং তিনজন গরীব পরিবারের হাতে চিকিৎসার জন্য অর্থ সাহায্য, একজন গরীব মেয়ের বিবাহের জন্য সরঞ্জাম সহযোগিতা করেছে । দক্ষিণ খাড় স্টার ক্লাবের সারাবছর ধরে মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা ও নেবুলাইজার মেশিন পরিষেবা করোনা পিরিয়ডে মানুষকে খুব আশ্বস্ত করেছে বলে স্থানীয় পঞ্চায়েত সদস্য নারায়ণ কামিল্যা জানালেন ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *