আবেশভূমি ডিজিটাল,সঞ্জীব আচার্য্য,এগরা:- বৃহস্পতিবার এগরা মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থা আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের অ্যানুয়াল অ্যাথলেটিক মিট মহকুমা স্তরের খেলা খাড় ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়। মহকুমার প্রায় ৭০ টি স্কুল যারা জোনাল পর্যায়ে খেলে অর্থাৎ ব্লক স্তরে খেলে প্রথম স্থান অধিকার করেছে সেই সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে । মহকুমা স্তরে প্রায় ৭০ টি ইভেন্ট ছিল। প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ১৩ টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ। এছাড়াও মহকুমার অন্যান্য বিদ্যালয়গুলি অন্যান্য বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে। জেলা স্তরে প্রতিটি ইভেন্টের প্রথম স্থানাধিকারীরা অংশগ্রহণ করবে । মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক গোপাল চন্দ্র শাসমল বলেন–“খাড় হাইস্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন কমল কুমার পণ্ডা, মহকুমা শাসক মনোজিৎ কুমার যাদব এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট বাসুদেব সরকার সহ এগরা মহকুমার অন্যান্য আধিকারিকদের আন্তরিক সহযোগিতায় আমরা এই খেলা সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি । ” এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক ছাড়াও জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক চন্দন কুমার মাইতি প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *