
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল :এগরা-২ ব্লকের দেশবন্ধু পঞ্চায়েতের ঐতিহ্যবাহী “এরেন্দা হৈমবতী মহিলা সমিতি” এবং “এরেন্দা নিরঞ্জন ক্লাব ও সাধারণ পাঠাগারের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশীষ ধাওয়া। সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য তপন মিশ্র, সমাজসেবী টুকু পানিগ্রাহী, অরবিন্দ মিশ্র। মহিলা সমিতির সভানেত্রী অনিমা পন্ডা, কোষাধ্যক্ষ সুনীতা নন্দ, নিরঞ্জন ক্লাব ও পাঠাগারের সভাপতি দেবব্রত নন্দ, সম্পাদক উত্তম কুমার নায়ক, কোষাধ্যক্ষ প্রবীর কুমার নায়ক, গ্ৰামের দুই ভুমিপুত্র প্রখ্যাত চিকিৎসক ড অমর মিশ্র ,রাজ্য কারা সুরক্ষা বাহিনীর অন্যতম কর্মকর্তা নিরুপম খাঁড়া প্রমুখ ।এগরা ব্লাড ব্যাংক ৩০মহিলা সহ ৪০ জনের রক্ত সংগ্রহ করে। অনেক রক্তদাতাকে শারীরিক অসুবিধার কারণে ফিরে যেতেও হয়।স্বাগত জানান আয়োজক হৈমবতী মহিলা সমিতির সম্পাদিকা দীপ্তি সৎপতি।উদ্বোধক আশীষ বাবু তার বক্তব্যে বলেন এবছর সেবা সমিতির অধীন ৮২টি ক্লাবের মধ্যে রক্তদানে উপযুক্ত ২৪ টি ক্লাবকে চিহ্নিত করা হয়েছিল। এ পর্যন্ত ১৬ টি ক্লাবে রক্তদান শিবিরইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ৫৬০ ইউনিট রক্ত সংগ্রহ করা গেছে। আমাদের লক্ষ্যমাত্রা ১০০০। বাদবাকি ক্লাবগুলির রক্তদান সম্পন্ন হলে আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব। রক্তদানের মত মহৎ কর্মকাণ্ডে যুবসমাজকে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। কোন কোন ক্লাব টাকার প্রলোভন দেখিয়ে রক্তদান শিবির করছেন তার সমালোচনা করে বলেন এতে স্বেচ্ছায় রক্তদান পদ্ধতিটি ব্যাহত হবে। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তদাতাদের পবিত্র রক্তদান কর্মসূচীকে বাণিজ্যিক দৃষ্টিতে না দেখার পরামর্শ দেন। একশ্রেণীর রক্তদাতা ব্লাড ব্যাংকে বাণিজ্যিক কারণে ঘুরঘুর করেন। টাকার বিনিময়ে সহজে রক্ত পেতে গিয়ে পরিবার গুলিকে আরও বিপদের মুখে পড়তে হয়। শুধু তাই নয় অনেক সময় তাদেরকেও প্রতারিত হতে হয়। টাকা দিয়ে সেই রক্ত কাজে লাগানো যায় না। তিনি বলেন-আমি মনে করি আমার জন্ম পরের জন্য। আমার ভালো দেখার মানিক অন্যজন। প্রভু জগন্নাথের কাছে আমার প্রার্থনা যতদিন বাঁচব ততদিন মানুষের পাশে থেকে যেন তাদের সেবা করে যেতে পারি। আমার সঙ্গে সংযুক্ত ক্লাবের কর্মকর্তাদের অনুরোধ করব, সেবার মানসিকতা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন করুন।রক্তদানে মহিলা সমিতি এগিয়ে আসায় আয়োজকদের কর্ম কর্তাদের ধন্যবাদ জানান। বক্তব্যে পৌরাণিক ও ঐতিহাসিক ঘটনার অবতারণা করে সমাজ গঠনে মহিলাদের অবদানের অপরিহার্যতা উল্লেখ করে তাদের প্রতিটি ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন।শিবির সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নিরঞ্জন ক্লাব সম্পাদক উত্তম কুমার নায়ক।
