
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি :প্রতিমাসের মত শুক্রবার দেশপ্রাণ ব্লকের চালতি পঞ্চায়েত ও কাঁথি নতুন চক্রের অধীন সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে আগষ্ট মাসে যে সমস্ত ছাত্র-ছাত্রীর জন্মদিন তা পালন করা হয়। কৌশিকী অমাবশ্যার পুণ্য তিথিতে ছাত্র-ছাত্রীদের জন্মদিনের টুপি পরিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানে ধান, ধূপ, দুর্বা, চন্দন চর্চিত করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সঙ্গে শুভকামনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশঙ্কর মহাপাত্র। প্রাসঙ্গিক বক্তব্যে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে গিয়ে তিনি বলেন- এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্বরূপকান্তি পাহাড়ি আগেই কলকাতা পুলিশের ওসি হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়ে সরস্বতীপুর গ্রাম, সরস্বতীপুর বিদ্যালয় ,দেশপ্রাণ ব্লক, কাঁথি মহকুমার পাশাপাশি পূর্ব মেদিনীপুরজেলার মুখ উজ্জ্বল করেছেন। আজকের দিনে তিনি কলকাতা ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পদমর্যাদায় আসীন যা আমাদের গর্বের। কেবল শহর থেকে বা শহরের বিদ্যালয় থেকে কৃতি ছাত্র হয় এ ধারণা ভুল। তোমাদের মধ্যেও এমন প্রতিভা লুকিয়ে নেই কে বলতে পারে? কঠোর পরিশ্রম ও লক্ষ্য যদি স্থির হয় সাফল্য আসবেই। পড়াশোনার পাশাপাশি মানুষের মতো মানুষ হতে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ , নিবেদিতা, মা সারদার মত ব্যক্তিত্বকে সামনে রেখে এগিয়ে যাও সাফল্য পাবে।এদিন বিশেষ মেনুর আয়োজক যে কৃতি প্রাক্তনী স্বরূপ কান্তি সে বিষয় ছাত্র-ছাত্রীদের স্মরণ করিয়ে দেন। সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ মাইতি। সামগ্রিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের সহ-শিক্ষক শোভন মাইতি, বিশ্বজিৎ আচার্য ,অমিত কুমার জানা, পূর্ণবতী দাস, সুশান্ত বসু, নিতীশচন্দ্র পন্ডা, স্ব সহায়ক দলের মায়েরা। ছিলেন স্বরূপ বাবুর দাদা বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি অরূপ কান্তি পাহাড়ী ও কয়েক জন অবিভাবক সদস্য। শেষে সব্জি, মাংস , মিষ্টি, চব্য চষ্যে বিশেষ মেনুতে মিড ডে মিল পরিষেবা গ্রহণ করে ছাত্রছাত্রীরা।
