
দৈনিক আবেশভূমি;গৌরীশংকর মহাপাত্র: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের এগরার ভবানীচক বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওড়িশার কটকগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস সেসময় বেলদা-কাঁথি রাজ্য সড়কের ভবানীচক বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। সেই বাসটির একেবারে পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কারও জন্য অপেক্ষা করছিলেন বা কাউকে নামাতে এসেছিলেন। কিন্তু হঠাৎ করেই বাসটিতে যাত্রী তোলা শেষ হলে চালক বাসটি চালু করেন। তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সাইকেল আরোহী ভারসাম্য হারিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
