
দৈনিক আবেশ ভুমি; সঞ্জীব আচার্য্য; পটাশপুর: পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকারে সিদ্ধান্ত নিয়েছিল প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন ‘পুলিশ দিবস’ পালন করবে রাজ্য সরকার। অনেক পুলিশ করোনার সময় করোনায় আক্রান্ত হয়েছেন। ১৮ জনের মৃত্যুও হয়েছিল। তার পরেও সামাজিক দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী বাহিনী। তাই ১ সেপ্টেম্বর ‘পুলিশ দিবস’ হিসেবে পালন করবে রাজ্য। এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সবাই পুলিশকে যাতে সম্মান দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে পুলিশ দিবস পালিত হবে।” সেই থেকেই পয়লা সেপ্টেম্বর রাজ্যজুড়ে পালিত হয় পুলিশ দিবস।

সেই মতো সোমবার পয়লা সেপ্টেম্বর রাজ্য জেলার পাশাপাশি পটাশপুরে অনুষ্ঠিত হল এই পুলিশ দিবস।এদিন পটাশপুর থানার বাঙ্গুচক মোড়ে সাড়ম্বরে পালিত হল পুলিশ দিবস। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং পটাশপুর থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে সাড়ম্বরে পুলিশ দিবস পালন করা হয়। পটাশপুর থানা এবং ট্রাফিক বিভাগের তরফে বর্ণাঢ্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা পটাশপুর থানা থেকে শুরু হয়ে পটাশপুর বাজার এলাকা ঘুরে বাঙ্গুচক তেমাথানি মোড়ে শেষ হয়।শোভাযাত্রার সামনেই ছিল পুলিশের বাইক।

প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন একাধিক সিভিক ভলেন্টিয়ার। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। প্লাকার্ডে লেখা ছিল পুলিশের নানা সতর্কতাবাণী। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পটাশপুর ট্রাফিক ওসি স্বরূপ ঘোষ, পটাশপুর থানার সাব ইন্সপেক্টর দিব্যেন্দু বিশ্বাস ও পটাশপুর টেকার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
