
দৈনিক আবেশভূমি; ভগবানপুর: গৃহস্থের বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া সোনার গহনা, মোটরবাইক ও গুরুত্বপূর্ণ নথিপত্র অবশেষে উদ্ধার করল পুলিশ। আর তা উদ্ধার হল স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতির ভাই সমীরণ মিদ্দার কাছ থেকে। তদন্তে পুলিশের হাতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। জানা গিয়েছে কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এলাকার এক গৃহস্থের বাড়িতে কেউ ছিল না । কেউ না থাকার সুযোগ নিয়ে বিজেপির মণ্ডল সভাপতির ভাই সহ দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায় বেশ কিছু সোনার গয়না, দরকারি নথিপত্র ও একটি মোটরবাইক।বাড়ির সদস্যরা ফিরে এসে প্রথমে লক্ষ্য করেন, গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকে তাঁরা দেখতে পান আলমারির ভেতর থেকে গায়েব গয়না, নথিপত্র এবং উঠোন থেকে উধাও বাইক। সঙ্গে সঙ্গে ওই বাড়ির কর্ত্রী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। কিছুদিনের মধ্যেই একে একে ধরা পড়ে চুরির সঙ্গে যুক্ত চারজন। ধৃতদের মধ্যে ছিলেন এক বিজেপির মন্ডল সভাপতির ভাই সমীরণ মিদ্দা সহ সঞ্জয় মিদ্দা, শম্ভু মাইতি ও অরিন্দম শাসমল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের। জানা যায়, পরিকল্পনা করে তারা ওই বাড়িতে চুরি চালায় এবং লুটপাটের সমস্ত সামগ্রী নিজেরা নিয়ে চলে যায়৷এ প্রসঙ্গে ভূপতিনগর থানার ওসি বলেন, “আমরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া প্রায় সবকিছুই উদ্ধার করতে পেরেছি। আদালতের নির্দেশ মত খুব শিগগিরই সামগ্রীগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে।”
