
দৈনিক আবেশভূমি; পূর্ব মেদিনীপুর ;পটাশপুর : বাড়ির দুর্গার হাতেই তৈরি হচ্ছে মন্ডপের দুর্গা। পটাশপুরের শঙ্করী দাস প্রমাণ করছেন সৃজনশীলতা ও নিষ্ঠার মাধ্যমে একজন নারী কীভাবে পরিবারের সহায়ক হয়ে উঠতে পারে। দীর্ঘ ১৫ বছর ধরে মা দুর্গার প্রতিমা তৈরি করছেন তিনি, যা শুধু তার কুশলতার পরিচয় দেয় না, বরং পরিবারের দৈনন্দিন জীবনের প্রধান উপার্জনের মাধ্যম হিসেবেও কাজ করছে। তার তৈরি প্রতিমা জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে, পুজোর আনন্দে এক বিশেষ স্থান দখল করছে।

পটাশপুর ২ নম্বর ব্লকের বাল্য গোবিন্দপুর গ্রামের শঙ্করী দাস বাড়িতেই দুর্গার প্রতিমা তৈরি করে সংসার চালান। তিনি শুরু করেন একেবারে ছোট পর্যায় থেকে, প্রায় পরিবারিক উদ্যোগ হিসেবে। তবে আজ তাঁর হাতে তৈরি প্রতিমার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, বেড়েছে বায়না। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর বায়না আসে তাঁর।

শঙ্করী দাস বলেন, “প্রতিটি প্রতিমা তৈরি করার সময় আমি মা দুর্গার উপস্থিতি অনুভব করি। শুধু সুন্দর প্রতিমা তৈরি করা নয়, তার প্রতিটি অভিব্যক্তি ও ভঙ্গি দর্শনার্থীদের হৃদয় স্পর্শ করে। এই কাজেই আমার আত্মিক আনন্দ। আমার পরিবারে রোজগারের মাধ্যম।” তার হাতে তৈরি প্রতিমার সুন্দরতা ও নকশার জটিলতা অনেকেই প্রশংসা করে।
