
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৮ সেপ্টেম্বর: এগরা-১ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েতের বরোদা মির্জাপুর মিলনী সমবায় নির্বাচনে বিরোধীশূন্য বোর্ড উপহার দিল তৃণমূল। সোমবার কড়া নিরাপত্তায় নির্বাচন সম্পন্ন শেষে ভোট গণনায় দেখা যায় সব আসনে জয়ী ঘাসফুল শিবির। সমিতির মোট আসন -১২, মোট ভোটার ৩১৭, প্রদত্ত ভোট ২৪৬। নির্বাচন পরিচালনা করেন ব্লকের কো-অপারেটিভ ইন্সপেক্টর ,সহযোগিতা করেন সমিতির ম্যানেজার গৌতম বেরা। সমিতির ৫ ডেলিগেট আশীষ কুমার গায়েন, অমল কৃষ্ণ ঘোড়াই, অশোক দাস, সরমা মাঝি এবং নুপুর রঞ্জিত আগেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছিলেন।আজ সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। আজকের নির্বাচিতরা হলেন অর্ধেন্দু মিশ্র ,প্রদীপ বেরা, প্রমোদকুমার রঞ্জিত , সঞ্জয় মাইতি, তাপস মিশ্র, অশ্বিনীকুমার মিশ্র, বিষ্ণুপদ মন্ডল।বিদায় বোর্ডের সম্পাদক প্রমোদ রঞ্জিত ও সভাপতি প্রদীপ বেরা এবারও তৃণমূল প্যানেলে জয়ী হয়েছেন। প্রসঙ্গত সর্বোচ্চ ভোট পেয়েছেন তৃণমূলের প্রমোদ রঞ্জিত(১৪১) অপর পক্ষে বিরোধী বিজেপি জোটের প্রার্থীদের সর্বাধিক ভোট গোপাল পাত্র(৮৯) পেয়েছেন।জয়ীদেরকে দলের পক্ষে অভিনন্দন জানান স্থানীয় বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, স্থানীয় পঞ্চায়েত প্রধান রোউফ আলী, প্রাক্তন উপপ্রধান তথা অঞ্চল সভাপতি যোগেন্দ্র নাথ মাইতি, পঞ্চায়েত সমিতির সদস্য আলপনা মাইতি ,সংগঠক নিতাই চাঁদ মাইতি, পাঁরোল অঞ্চলের নেতৃত্ব অশোক দাস প্রমুখ। এরপর সবুজ আবির মেখে এলাকায় জয় বাংলা ধ্বনিতে মাতিয়ে বিজয় মিছিল করে। বিধায়ক তরুন কুমার মাইতি জানান -“দিকে দিকে সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভাবে নির্বাচিত হচ্ছে তৃণমূল। স্থানীয় মানুষ তৃণমূলের উপর ভরসা রেখেছে। উন্নয়ন যে তৃণমূলই করতে পারে এ বিশ্বাস থেকে তাদের এই ভোট দান। এর প্রভাব সাধারণ নির্বাচনে অবশ্যই পড়বে।”
