
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ২৪ নভেম্বর:বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে শতাধিক পাখি। বিলুপ্তপ্রায় একাধিক পাখির পাশাপাশি রয়েছে পরিযায়ী পাখিও। বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর নড়েচড়ে বসেছে বনদফতর। সোমবার বিকেলে দমকল বাহিনীকে দিয়ে জল ছড়িয়ে ধুয়ে ফেলা হলো বিষ প্রয়োগ করা বটগাছটিকে। বন দফতরের পাশাপাশি গ্রামে সচেতনতার শিবির করলো বিজ্ঞান মঞ্চের সদস্যরা। রবিবার বেলদা থানার আম্বিডাঙ্গর গ্রামে দেখা গিয়েছিল সারিসারি ভাবে পড়ে রয়েছে শতাধিক মৃত পাখি। যার মধ্যে বিলুপ্তপ্রায় হরিয়াল, বসন্তবৌরি থেকে শুরু করে শালিক, কোকিল ময়না প্রভৃতি পাখি। রয়েছে একাধিক পরিযায়ী সারস। বিষয়টি জানতে পেরে এলাকায় হাজির হন পরিবেশপ্রেমীরা। খবর দেওয়া হয় বনদফতরে। মৃত পাখি গুলির নমুনা সংগ্রহ করা হয়। রেঞ্জার তৌহিদ আনসারী বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষ
প্রয়োগের ফলে মৃত্যু হয়েছে পাখি গুলির। গ্রামের ওই বটগাছটিতে কেউবা কারা কীটনাশক ছড়িয়ে দেওয়ায় সেই ফল খেয়ে মারা গিয়েছে পাখিগুলি। প্রাথমিকভাবে দমকলের সহযোগিতায় জল ছড়িয়ে গাছটি ধুয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে কারা এই কাজ করেছে তা চিহ্নিত করার ব্যবস্থা করা হবে।
এদিকে এদিন বিকেলে গ্রামে গিয়ে পাখি না মারার বিষয়ে সচেতনতার কর্মসূচী নেয় বিজ্ঞান মঞ্চের সদস্যরা। স্থানীয় আইসিডিএস কেন্দ্রে গ্রামের মানুষজনকে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির উপযোগিতা সম্পর্কে বোঝানো হয়।
