
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,৬ জানুয়ারী: জাতীয় পুরস্কারে ভূষিত বেলদা গঙ্গাধর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত শিবকালী মিশ্রের জন্ম শতবর্ষ উদযাপিত হল সোমবার। বিদ্যালয়ের সেমিনার হলে শিবকালী মিশ্র জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে দিনটি যথাযথ ভাবে পালন করা হয়। কমিটির পক্ষে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, প্রাক্তন প্রধান শিক্ষক শিব শংকর মহাপাত্র, প্রাক্তন শিক্ষক গোপাল বসু ,সাহিত্যিক মন্মথ নাথ দাস,সাংবাদিক বৃন্দাবন দাস অধিকারী ও চন্দন ঘোষাল, প্রাক্তন অধ্যক্ষ ডঃ হরিপদ মাইতি, সহ ৫২ জনকে সম্বর্ধিত করা হয়। ১৯২৬ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন শিবকালী মিশ্র। ১৯৭১ সালের ১ মার্চ বেলদা গঙ্গাধর একাডেমিতে শিক্ষকতার কাজে যোগদান করেন। অবসর গ্রহণ পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৪ সালের ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত হন তিনি। তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং এর হাত থেকে সেই সম্মান গ্রহণ করেছিলেন।২০১২ সালের ১৩ জুলাই প্রয়াত হন তিনি। ২০১৩ সাল থেকে গঠিত হয় শিবকালী মিশ্র স্মৃতি রক্ষা কমিটি। সোমবার সেই কমিটির উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয় শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের। এদিন অনুষ্ঠান মঞ্চে বেলদা ইংলিশ মিডিয়ামের মাধ্যমিকের কৃতি(৮৯.৬% ) নম্বর পাওয়া ছাত্রী শ্রেয়া মাইতিকে উচ্চমাধ্যমিকে পড়াশুনোর দায়িত্বে নেয় কমিটি। আগামী ২ বছর ধরে ওই পড়ুয়ার সমস্ত খরচ বহন করবে এই কমিটি। সভায় পৌরহিত্য করেন সংস্থা সভাপতি বেলদা গঙ্গাধর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক সিতাংশু শেখার রায় মহাপাত্র। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার সম্পাদক শিবকালী বাবুর ছেলে বিনায়ক মিশ্র।
