প্রদীপ মাইতি , ময়না : তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী’র সমর্থনে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার ময়না, গোজিনা-সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী কর্মি সভা করল তৃণমূল।এ দিন তৃণমূলের আয়োজিত কর্মি সভায় তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ি সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, “বিজেপি বাগচাকে দেখিয়ে ময়নাতে ভোট করাতে চাইছে।বাগচাকে দেখিয়ে ওরা (বিজেপি) মনে হয় তমলুক লোকসভার নির্বাচন করাবে।কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে।কিছু মানুষ বিপদে চালিত হয়েছে।বিজেপি বাগচাতে বাইর থেকে গুন্ডা, হার্মাদ নিয়ে এসে বোম-বন্দুকের খেলায় নেমেছে।

    এ ময়না সে ময়না ছিল না।এ ময়না শান্তির ময়না।” তিনি আরও বলেন, “ময়নার মানুষ শান্তিকে বিশ্বাস করে।আর ময়নার মানুষকে বন্যায় ডুবতে হয় না।ময়নায় মাছ, ফুল, ধান, সবজি চাষিরা আছে।মানুষের অধিকার রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিন ও ২৪ ঘন্টা লড়াই করে।আমরা মনে করি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের লোকেরা মানুষের স্বার্থে কাজ করে।ত্রিস্তর পঞ্চায়েত সারাক্ষণ মানুষের সেবায় নিয়োজিত থাকে।” বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, “নরেন্দ্র মোদী ২০১৪ সালে যে ‘আচ্ছে দিন’র প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে পারেনি।

      সুশাসন, বেকার সমস্যা, এখনও একাউন্টে ১৫ লক্ষ টাকা ঢোকেনি।” মোদীকে তাঁর কটাক্ষ, আগে বলতো আমি ‘চা ওয়ালা’, আর এখন বলছে আমি ‘চৌকিদার’।এ চৌকিদার সে চৌকিদার নয়।দেশকে এ চৌকিদার লুঠ করতে এসছে।বড়লোককে আরও বড়লোক করতে এসছে।এই নরেন্দ্র মোদীর রাজত্বকালে বিজয় মালেয়া, নীরব মোদীরা ভারতবর্ষের ব্যাঙ্ক থেকে কোটি কোটি লুঠ করে বিদেশে পালিয়েছে।পাঁচ বছরে দেশে মোদী সরকার কিছুই করতে পারেনি।তিনি এও বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বামপন্থীরা থাকবে না, কংগ্রেসও থাকবে না।বাংলার বিয়াল্লিশটি আসনেই তৃণমূল জয়যুক্ত হবে।ভারতবর্ষে নরেন্দ্র মোদী’র সরকার আর হবে না।বাংলায় ৪২টি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন দিল্লীর নিয়ন্ত্রক।নন্দকুমার থেকে ময়নার বলাইপণ্ডা পর্যন্ত রেল প্রকল্প করেনি মোদী সরকার।আমি লোকসভা দাঁড়িয়ে একাধিকবার বলেছিলাম নন্দীগ্রাম, ময়নার মানুষ রেলপ্রকল্প থেকে কেন বঞ্চিত হবেন? কেন আজকে রেল হয়নি? এই জবাব মোদীকে দিতে হবে।আগামী ১২ মে পরে বিজেপির সিদ্ধার্থ নস্করকে কীর্তন গান করতে করতে কোলাঘাট থেকে নবদ্বীপ ফিরে যেতে হবে।আর তাঁকে খুঁজে পাওয়া যাবে না। এ মাটি তৃণমূলের খুব শক্ত ঘাঁটি।” তবে তমলুকের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর বলেন, “পরিবারতন্ত্রকে তমলুকের মানুষ ছুঁড়ে ফেলবে।শুধুই সময়ের অপেক্ষা।” এ দিনের তৃণমূলের আয়োজিত কর্মি সভায় ছিলেন জেলার কৃষি কর্মাধ্যক্ষ শেখ সাজাহান আলি, ময়না পঞ্চায়েত সমিতির সভানেত্রী অভয়া দাস, ময়না ব্লক যুব তৃণমূলের সভাপতি সুদর্শন জানা, জেলা তৃণমূলের অবজারভার সুকুমার প্রধান প্রমুখ!

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *