
গৌরীশঙ্কর মহাপাত্র,আবেশভুমি,১৫ এপ্রিল:বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এগরা পাবলিক স্কুলের ১৯তম প্রতিষ্ঠা দিবস ও ডঃ বি. আর, আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী পালিত হয় মঙ্গলবার। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ সেজে উঠে উৎসবের সাজে। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। ফিতা কাটা, প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতে অনুষ্ঠানের শুভসূচনা পর্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী দক্ষানন্দজী মহারাজ, অতিথি আইজারের অধ্যাপক ড. পুণ্যশ্লোকে ভাদুড়ী এবং কাঁথি পি কে কলেজের অধ্যাপক ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী এগ্রা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক ড দীপক বিশাই প্রমুখ।বিদ্যালয়ের ক্রমবর্ধমান প্রয়োজনের কথা মাথায় রেখে প্রশাসনিক ভবন, পড়ুয়াদের মনে দেশের মনীষীদের আদর্শ ও মূল্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যে বিদ্যালয় প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ, বাংলার নবজাগরণের অন্যতম কাণ্ডারী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ‘মিসাইল ম্যান’ ড. এ.পি.জে. আবদুল কালামের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় প্রতিষ্ঠা দিবসের আনন্দোৎসবের মাঝেই এদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ভারতীয় সংবিধান প্রস্তুত কমিটির সভাপতি ডঃ ভীমরাও রামজি আম্বেদকরকে। তাঁর ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ পর্বে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষা, সামাজিক সাম্য প্রতিষ্ঠা এবং শিক্ষাবিস্তারে বাবাসাহেবের অবদান এবং এগরা পাবলিক স্কুলের শিক্ষাব্রতী আদর্শের ওপর আলোকপাত করেন বিদ্যালয়ের অধ্যক্ষ তপন কুমার কর, সহ-অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাইতি। মহতী পর্বে পৌরহিত্য করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি কিশোর কুমার বোস। শেষে বিদ্যালয় পড়ুয়াদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের এই বর্ণময় উৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান স্কুলের অধ্যক্ষ।
