
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর : পটাশপুর-২এর ঐতিহ্যবাহী টিকরাপাড়া অম্বিকাময়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানের কৃতী শিক্ষক সুজিত রায়ের বিদায় সম্বর্ধনা জ্ঞাপন হয় বৃহস্পতিবার। এদিন এক বৈকালিক ভাবগম্ভীর পরিবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সাউ এর পৌরোহিত্যে,সহকারী প্রধান শিক্ষক রাজীব পন্ডার উপস্থিতিতে সহকর্মী শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী ও শিক্ষা কর্মীগণ উত্তরীয় ,মানপত্র, স্মারক ও উপহার সামগ্ৰী দিয়ে বিদায় সম্মাননা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত ১৯৮৫ সালের ২৩ জুন তৎকালীন প্রধান শিক্ষক প্রয়াত প্রমথনাথ বসুর ঐকান্তিক ইচ্ছায় বিদ্যালয়ের এই কৃতী ছাত্রের শিক্ষকতায় যোগদান। বিদায়ী শিক্ষক ও সহকর্মীদের আলোচনায় বিদায়ী শিক্ষকের ৩১অক্টোবর পর্যন্ত প্রায় সাড়ে ৩৪ বৎসরের বর্ণময় কর্মজীবনের ছোট বড় ঘটনা, তাঁর ছাত্র জীবনে সাহা ইন্সটিটিউটৈ নিউক্লিয় ফিজিক্সে গবেষণা এবং এ কারণে শিক্ষকতায় যোগদানের বিলম্বিত হওয়া, কর্মজীবনের সূচনা পর্বে পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিভাগে গৌরবের সঙ্গে পাঠদানের মত প্রসঙ্গ গুলি উঠে আসে। অভিজ্ঞ প্রাক্তনীদের মতে কার্যতঃ ইনার অবসরপ্রাপ্তির মধ্য দিয়ে প্রমথবাবু যুগের ইতি পড়ল। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ্যালয়ের ভাষা শিক্ষক পার্থ চক্রবর্তী। বিদায়ী শিক্ষক উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ্যয়িত করেন।
